রামগড়ে সীমান্ত নদী থেকে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে সীমান্ত নদী থেকে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদীর পাড় ও পানির নিচ থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং তিনি বিডিআরের (বর্তমান বিজিবি) একজন প্রাক্তন সদস্য। তার কপাল ও নাকের ওপরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়েছিলেন অংথেপ্রু মারমা। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় রাত সাড়ে নয়টা থেকে তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।

সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে বিষয়টি জানানো হয়। এরপর বিজিবিও তার সন্ধানে মাঠে নামে।

আজ ১৪ই নভেম্বর, শনিবার ভোরবেলা থেকে স্বজনরা পুনরায় তার সন্ধান শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তার ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে তল্লাশি চালিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, ‘বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।’

স্বজনরা জানান, নদীর ওপার থেকে তারা নিজেরাই মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন।

লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে ছুটে যান বিজিবি ও রামগড় থানার পুলিশ সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, ‘নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।’

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Visited 4 times, 1 visit(s) today