জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে তুমুল মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির সন্ত্রাসী নেতাকর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়।
আজ ১৬ই নভেম্বর, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন এই দুটি সংগঠনের সন্ত্রাসীরা।
মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির সন্ত্রাসীরা। এ সময় তাদের পুলিশে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
আজ বিকেল পর্যন্ত ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। এ সময় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বৈঠক চলছিল।
মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। আর হেনস্তার শিকার শিক্ষক হলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।
ছাত্রদল ও ছাত্রশক্তির সন্ত্রাসীদের দাবি, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জবির কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এমন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের তালিকা তৈরি করেছেন তারা। সে অনুযায়ী তাদের খুঁজে বের করা হচ্ছে।
বিভিন্ন দপ্তর ও বিভাগে যাওয়ার সময় ছাত্রদল ও ছাত্রশক্তির সন্ত্রাসীদের স্লোগান ছিল,‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করছেন ছাত্রদলের মক সন্ত্রাসীরা। নিজ কার্যালয় থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্রক্টরের কার্যালয়ে। এ সময় তার মুঠোফোন কেড়ে নেন এই সন্ত্রাসীরা।
জুনায়েদ হোসেনকে প্রক্টরের কার্যালয়ে রেখে বিজ্ঞান অনুষদের দিকে যান ছাত্রদলের মব সন্ত্রাসীরা। সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজতে থাকেন তারা। না পেয়ে ফিরে আসেন। তখন তাদের সঙ্গে যোগ দেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির সন্ত্রাসীরা। দুটি সংগঠনের মব সন্ত্রাসীরা মিলে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও মব সন্ত্রাসী মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’
ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও মব সন্ত্রাসী শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাক্টিভিজম চালায়, তাদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’
বিক্ষোভ সমাবেশ শেষে আবার বিভিন্ন দপ্তর ও বিভাগে যেতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশক্তির মব সন্ত্রাসীদের। দ্বিতীয় দফায় শুরুতেই রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর শুরু করেন এই সন্ত্রাসীরা। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে তাকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে বাংলা বিভাগের চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিভাগের একটি কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া যায়। ছবিটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির সন্ত্রাসীরা।
এরপর এই মব সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যান। সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। টেনেহিঁচড়ে তার পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয়। এরপর তাকেও প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়।
বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে যান ছাত্রদল-ছাত্রশক্তির মব সন্ত্রাসীরা। সেখানে সেকশন অফিসার নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তারা। একইভাবে মারধর করে ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমানকেও প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ এই মব সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এবং তাদের সন্ত্রাসী হামলাকে প্রকারান্তরে বৈধতা দিয়েই বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। আমরা সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
কিন্তু শিক্ষক ও কর্মকর্তাদের ওপর মব সন্ত্রাস চালানোর বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষুব্ধ চেহারায় উত্তর না দিয়ে এড়িয়ে যান।
