❐ নিজস্ব সংবাদদাতা
পাবনার বেড়ায় বিএনপির আগুন সন্ত্রাসীদের রাতভর অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিরোধের পাশাপাশি কড়া জবাব দিচ্ছেন নেতাকর্মীরা।
সংঘর্ষে বিএনপির সন্ত্রাসীদের নিরাপত্তার দায়িত্বে নেমেছে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ ২১শে নভেম্বর, শনিবার দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বিএনপিদলীয় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
সভায় যেকোনো মূল্যে আওয়ামী লীগ দমনের নির্দেশ দেওয়া হয়। বিএনপির সন্ত্রাসী কর্মীরা পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য, দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে সভার আলোচনা বিষয়ে।
স্থানীয় সাংবাদিকেরা জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা পুলিশ কেন আরও আক্রমণাত্মক হচ্ছে না, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করে বিএনপির সন্ত্রাসীরা।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে আওয়ামী লীগ কর্মীদের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সন্ধ্যা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কাজ করছে।’
