৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন বিস্ফোরকবোঝাই রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

জানা যায়, জব্দকৃত জাহাজটি কমোরোসের পতাকাবাহী একটি জেনারেল কার্গো শিপ (IMO নম্বর: 8356962)। ভ্যাসেল ফাইন্ডার ও আন্তর্জাতিক নৌ-তথ্য অনুযায়ী, জাহাজটি চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে আসছিল এবং জ্বালানি সংগ্রহের কথা বলে ইন্দোনেশিয়ার বেলাওয়ান জলসীমায় নোঙর করেছিল।

গত ৭ই নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু ৮৫৭’ (KRI Sigalu 857) রাডারে জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। রেডিও বার্তায় জাহাজটি স্বাভাবিকভাবে সাড়া না দেওয়ায় নৌবাহিনী সেটিকে ধাওয়া করে আটক ও তল্লাশি চালায়। এছাড়া জাহাজটির বেশ কিছু শিপিং নথিপত্রের মেয়াদও উত্তীর্ণ ছিল।

জাহাজে থাকা ৩৬টি কন্টেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপটিয়ানা এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি শক্তিশালী অক্সিডাইজার, যা সরাসরি বিস্ফোরক না হলেও অন্যান্য রাসায়নিকের সাথে মিশিয়ে রকেট প্রপেল্যান্ট, ক্ষেপণাস্ত্র বা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

জাতীয় নিরাপত্তা এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের অবৈধ পরিবহন ও অপব্যবহার রোধে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জাহাজটি জব্দ করে তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ই নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি লাখ লাখ ফাঁকা ৪জি এলটিই সিম কার্ড ছিল।

সোডিয়াম পারক্লোরেট একটি রাসায়নিক যৌগ। এটি মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযানে জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয় বলে জানিয়েছে আন্তারা নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, সুমাত্রায় চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ই নভেম্বর প্রথম অভিযানটিতে উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনকে আটক করে তারা।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার ও সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই দুটি অভিযান সফল হয়েছে।

Visited 7 times, 37 visit(s) today