আবারও আওয়ামী লীগে গুপ্ত অনুপ্রবেশ? গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে ঢাকার ছাত্রদল নেতা

আবারও আওয়ামী লীগে গুপ্ত অনুপ্রবেশ? গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে ঢাকার ছাত্রদল নেতা
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


গোপালগঞ্জে বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। এতে নেতৃত্ব দিতে দেখা গেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। তার নাম সাবিদ হাসান এবং তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্বরত।

গত ১৯শে নভেম্বর, বুধবার আওয়ামী লীগের লকডাউন কর্মসুচিতে ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামের ভিডিওতে তাকে সাধারণ যাত্রীদের ওপর আক্রমণাত্মক অবস্থায় দেখা যায়।

ভাইরাল ভিডিওটি আজ ২২শে নভেম্বর, রোববার পর্যন্ত ৭ লাখ মানুষ দেখেছেন। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা সাবিদ হাসানের নেতৃত্বে গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাসের যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়।

একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি তল্লাশি করা হয়। এসময় যাত্রীরা নিরাপত্তা শঙ্কায় চরম আতঙ্কিত হয়ে পড়েন।

এ ঘটনাকে আওয়ামী লীগে পুনরায় ‘গুপ্ত অনুপ্রবেশ’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচির বিভিন্ন গোপন তথ্য বিএনপির হাইকমান্ডে পৌঁছে দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করার উদ্দেশ্যে এমন কতোজন অনুপ্রবেশ করেছে, খতিয়ে দেখার আহ্বান জানান সাধারণ কর্মী-সমর্থকরা।

এদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের এই নেতার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি লাভ করেন।

ছাত্রদল নেতা মিল্লাদ হোসেনের নির্দেশেই গোপালগঞ্জে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে সবসময় প্রভাব বিস্তার করে এসেছেন সাবিদ— এমন অভিযোগ খোদ সহপাঠীদের। তার সঙ্গে ঢাকা কলেজে পড়েন এবং ছাত্রাবাসে থাকেন ছাত্রদলের এমন এক আহ্বায়ক সদস্যের নিউমার্কেট এলাকায় ফুটপাতে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা উত্তোলন করেন বলে জানা গেছে।

এর বাইরে সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাবিদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে জানান, গোপালগঞ্জ কোটায় ছাত্রদলে পদ পেয়েছে সাবিদ। অথচ ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এসবের চেয়ে কোরাম রাজনীতিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর তাকে ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে দেখেছি। গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Visited 3 times, 3 visit(s) today