টেকনাফে আইইডি, অস্ত্র-গুলিসহ আটক ২ অটোরিকশাচালক: বিএনপি-জামায়াত সম্পৃক্ততার গুঞ্জন

টেকনাফে আইইডি, অস্ত্র-গুলিসহ আটক ২ অটোরিকশাচালক: বিএনপি-জামায়াত সম্পৃক্ততার গুঞ্জন
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


কক্সবাজারের টেকনাফে মধ্যরাতে এক অভিযানে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমা, আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এই ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত সরঞ্জাম জঙ্গিগোষ্ঠীর জন্য আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এ ধরনের বোমা ও তৈরির সরঞ্জাম সাধারণ সন্ত্রাসীরা ব্যবহার করে না।

গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়। আজ ২২শে নভেম্বর, রোববার সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা আদর্শ গ্রাম এলাকায় আকস্মিক তল্লাশিচৌকি বসান। সন্দেহভাজন যানবাহন তল্লাশির একপর্যায়ে উদ্ধার হয় শতাধিক আইইডি বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি।

অভিযানে বিস্ফোরক তৈরির স্টিলের বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলবক্সসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক বহনে ব্যবহৃত দুটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।

আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক।

বিজিবির ভাষ্য, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত।

ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতিতে জঙ্গিবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছে।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মিয়ানমার থেকে অবৈধ পথে এসব অস্ত্র ও বিস্ফোরক টেকনাফে আনা হয়েছিল।

তবে এই বিপুল বিস্ফোরক ও অস্ত্রের চালানের নেপথ্যে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাদের সম্পৃক্ততা থাকতে পারে বলেও নানা মহলে ধারণা ও সন্দেহ তৈরি হয়েছে। দেশের অভ্যন্তরে বড় কোনো নাশকতার ছক ছিল কি না এবং এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে জোর অনুসন্ধান চলছে।

রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Visited 4 times, 4 visit(s) today