৭২ শাখায় অগ্নিসংযোগের পরও সপ্তাহধরে নীরব, চার্টারড ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছেই গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ জানালেন ড. ইউনূস

৭২ শাখায় অগ্নিসংযোগের পরও সপ্তাহধরে নীরব, চার্টারড ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছেই গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ জানালেন ড. ইউনূস
শেয়ার করুন

প্রশ্ন থেকে যাচ্ছে, দেশের মাটিতে যখন একের পর এক তাঁর প্রতিষ্ঠিত ব্যাংকের শাখায় আগুন জ্বলছিল, তখন কেন নীরব ছিলেন ড. ইউনূস? আর তড়িঘড়ি করে মালয়েশিয়ায় পৌঁছানোর পরই কেন সেই অগ্নিসংযোগের ঘটনায় তাঁর উদ্বেগ প্রকাশের প্রয়োজন হলো?


বিশেষ প্রতিবেদক। ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬।

দেশজুড়ে টানা কয়েক দিন গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ব্যক্তিগতভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তবে আজ সকালে একটি চার্টার্ড বিমানে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়ে এসব হামলার বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি। দেশ ছাড়ার পরই কেন তাঁর এই উদ্বেগ প্রকাশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে গত ১০ নভেম্বর থেকে। ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি শাখা ও কার্যালয় হামলা কিংবা অগ্নিসংযোগের চেষ্টার শিকার হয়েছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ৬৭টি শাখা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

একের পর এক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও গত কয়েক দিন ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ও তদন্তের দাবি জানিয়েছে। এমনকি হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

এর মধ্যেই আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে একটি চার্টার্ড ব্যক্তিগত বিমানে বাংলাদেশ ছাড়েন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানটি ছিল বোম্বার্ডিয়ার গ্লোবাল ৬০০০ মডেলের, যার নিবন্ধন নম্বর P4-BVM। তাঁর সঙ্গে আরও তিনজন সফরসঙ্গী ছিলেন। উড্ডয়নের পর বিমানটির গন্তব্য প্রথমদিকে ফ্লাইট ট্র্যাকিং তথ্যে প্রকাশিত না হলেও পরবর্তী সময়ে তাঁর মালয়েশিয়া যাওয়ার খবর প্রকাশিত হয়।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩৭ মিনিটে মালয়েশিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৭ মিনিটে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়:

“Professor Muhammad Yunus calls for bringing pressure for an end to the daily arson attacks on Grameen Bank and for the perpetrators to be punished.”

অর্থাৎ, গ্রামীণ ব্যাংকে প্রতিদিনের অগ্নিসংযোগ বন্ধে চাপ সৃষ্টি এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তবে বিবৃতিটি প্রকাশের সময় নিয়েই সামনে এসেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

গত ১০ নভেম্বর থেকে অগ্নিসংযোগের ঘটনা শুরু হলেও ১৯ নভেম্বরের মধ্যে যখন আক্রান্ত শাখার সংখ্যা ৭২-এ পৌঁছেছে, তখন কেন ড. ইউনূসের ব্যক্তিগত কোনো বক্তব্য পাওয়া যায়নি? কেন দেশ ছাড়ার পর, মালয়েশিয়ায় পৌঁছে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ বিষয়ে সরব হলেন?

গ্রামীণ ব্যাংক কেবল ড. ইউনূসের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানই নয়, দেশের এক কোটিরও বেশি সদস্যের সঞ্চয়, ঋণ ও জীবিকার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম যুক্ত। ব্যাংকটির নিজস্ব বিবৃতি অনুযায়ী, এর মালিকানার ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের হাতে, যদিও এই ব্যাংকের নিয়ন্ত্রন পুরোপুরি ড ইউনূসের গ্রামীণ কল্যানের সাথে সম্পৃক্ত আস্থাভাজনদের হাতে।

এবার অন্তর্বর্তী সরকার প্রধান হয়ে ব্যাংকটিতে সরকারের মালিকানা ৩৫% থেকে কমিয়ে ১০% নিয়ে এসে “গ্রামীন ব্যাংক” এ গ্রামীন কল্যাণ ও নিজের আস্থাভাজনদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ড ইউনুস।

 

ড ইউনূসের ফেসবুক পোস্ট, ২৩শে নভেম্বর, বাংলাদেশ সময় বিকার ৪ঃ৩৭মিঃ

এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হিসেবে ড. ইউনূসের প্রতিক্রিয়া আরও আগেই আসা প্রত্যাশিত ছিল কি না, সে প্রশ্নও উঠছে। বিশেষ করে, বাংলাদেশে অবস্থানকালে ধারাবাহিক হামলার বিষয়ে তাঁর নীরবতা এবং দেশত্যাগের পরপরই উদ্বেগ প্রকাশের মধ্যকার সময়ের ব্যবধানটি নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে, বিবৃতিতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও দেশ ছাড়ার আগে তিনি কেন এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দিলেন না, কিংবা বাংলাদেশে অবস্থানরত ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে তাঁর কোনো বার্তা রয়েছে কি না—তা স্পষ্ট হয়নি।

Visited 24 times, 24 visit(s) today