❐ নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে বাংলাদেশ বিমানবাহিনীর একজন কর্মরত উইং কমান্ডারের বাড়িতে অভিযান চালিয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। অভিযানে ওই কর্মকর্তাকে গৃহবন্দি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ।
২৬শে নভেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪শে নভেম্বর গোপালগঞ্জে বিমানবাহিনীর উইং কমান্ডার রাজিবুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ডিজিএফআইয়ের চট্টগ্রাম অঞ্চলের প্রধান কর্নেল মাহফুজুল বারীর নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। রাজিবুল ইসলাম চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন।
বিমানবাহিনীর কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের গোপনে সহযোগিতা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে কী ধরনের সহযোগিতার অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, একজন কর্মরত বিমানবাহিনী কর্মকর্তার বাড়িতে সামরিক গোয়েন্দা সংস্থার এমন অভিযান এবং তাঁকে গৃহবন্দি করে রাখার বিষয়টি নিয়ে কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে।
বিশেষ করে, অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন, আইনি বা প্রশাসনিক ভিত্তি এবং বিমানবাহিনীর সদর দপ্তরকে আগে থেকে অবহিত করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
এ ছাড়া অভিযানের সময় তাঁর বাড়ি থেকে কোনো নথিপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম বা অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
নর্থইস্ট নিউজ জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর কিংবা ডিজিএফআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাজিবুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, নাকি সামরিক অভ্যন্তরীণ তদন্তের অংশ হিসেবে তাঁর চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, এর কয়েক মাস আগে পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল।
