নিজস্ব প্রতিবেদক
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির চিত্রে বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে নিরাপত্তার ঘাটতির কারণে একজন বন্দি মাকে তার মৃত সন্তানের কাছে যেতে প্যারোল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এমনকি কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতাও চেয়েছে কারা কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
গতকাল ২৭শে নভেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মির বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর পর মাকে প্যারোলে মুক্তি দিয়ে বাড়িতে নেওয়ার পরিবর্তে কারাফটকে মাত্র ২ মিনিটের জন্য মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে তার স্বামী শাহাদাৎ হোসেন নিপুকে জানায় কারা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ভাষ্য, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিসেম্বর পর্যন্ত বন্দিদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাও রয়েছে বলে তাকে জানানো হয়েছিল।
কারা কর্তৃপক্ষের এ বক্তব্য দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একজন বন্দিকে সন্তানের মরদেহের কাছে নিয়ে যাওয়ার মতো মানবিক পরিস্থিতিতেও যদি রাষ্ট্র পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা কতটা রয়েছে, সেই প্রশ্ন সামনে আসছে।
এদিকে কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গত ১৯শে নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের সই করা চিঠিতে কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চাওয়া হয়।
চিঠিটি পাঠানো হয় সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের অধিনায়ক এবং সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন দপ্তরে।
কাশিমপুর কারা কমপ্লেক্সের চারটি কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এত বিপুলসংখ্যক বন্দির নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে বাইরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইতে হচ্ছে।
সরকারের অন্যতম সংবেদনশীল স্থাপনা হিসেবে বিবেচিত কারাগারের নিরাপত্তা নিয়েই যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বেগ জানাচ্ছে, তখন দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
শুধু কারাগারের নিরাপত্তা নয়, পুলিশের জনবল ও সক্ষমতার ঘাটতির বিষয়টিও সরকারি পর্যায়ে উঠে এসেছে।
গত ১৬ই অক্টোবর জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রতি ৮৬৮ জন মানুষের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। অথচ শান্তিকালীন আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি ৪০০ জন মানুষের জন্য একজন পুলিশ সদস্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
দেশে অনুমোদিত পুলিশের ২ লাখ ৭ হাজার ৯৩৮টি পদের বিপরীতে কর্মরত সদস্যের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ঘাটতি পূরণে নতুন করে ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের জনবল সংকটের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোতে।
চলতি মাসে অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর গোয়েন্দা সতর্কতার ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সীমিত জনবল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলায় সরকারের সহযোগিতাও চেয়েছে পুলিশ।
গত ২০শে নভেম্বরের পরও ঢাকাসহ বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে দুটি থানা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখতে হয়েছিল। কঠোর নির্দেশনা, গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও বিশেষ অভিযান বাড়ানোর পরও বিভিন্ন স্থানে নাশকতা ঠেকাতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
পুলিশের সক্ষমতা ও জনবল সংকটের পাশাপাশি যানবাহন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে। পুলিশের ৬৩৯টি থানায় গড়ে দুটি করে যানবাহনও নেই। যানবাহন, আবাসন ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি অপরাধ নিয়ন্ত্রণ এবং নিয়মিত দায়িত্ব পালনে বাধা তৈরি করছে। এসব সীমাবদ্ধতা কাটাতে সরকার নতুন যানবাহন কেনা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী দাঙ্গায় আন্দোলনকারী জঙ্গিরা দেশের ১৯টি কারাগারে হামলা চালিয়ে দাগি অপরাধী, জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ ভয়ঙ্কর অপরাধীদের বের করে আনে। মুক্তি পেয়ে তারা গা ঢাকা দেয়, যাদের অধিকাংশই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে, সুসংগঠিত হয়ে দেশজুড়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে।
এছাড়া, ৪ঠা আগস্ট থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দেশের ৪৬০টির বেশি থানায় হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। লুট করা হয় থানা থেকে হাজার হাজার আগ্নেয়াস্ত্র, লক্ষ লক্ষ রাউন্ড গুলি ও গোলাবারুদসহ নিরাপত্তা সরঞ্জাম। জুলাই-আগস্টের পুরোটা সময় ধ্বংস করা হয় পুলিশের যানবাহন। যার সবটাই করেছিল আন্দোলনকারী জঙ্গিরা। কিন্তু পরবর্তীতে তাদের দায়মুক্তি দেয় ক্ষমতায় বসা ইউনূস সরকার এবং সমর্থন করে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারও।
এমনকি দায়মুক্তি পেয়ে পুলিশের ওপর ছড়ি ঘোরানো শুরু করে পুলিশ হত্যাকারীরা। আন্দোলনে অংশ নেওয়াকে হাতিয়ার বানিয়ে অপরাধ করে পার পেয়ে যাওয়া, থানা থেকে বেআইনিভাবে অপরাধী ছাড়িয়ে নিয়ে আসা, কাকে আটক করতে হবে – কাকে ছাড়তে হবে, সেই নির্দেশনা দেওয়া ছাড়াও থানায় বসে কীভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল, সেই বিবরণ দিয়ে পুলিশকে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ।
পুলিশের সক্ষমতা কমে যাওয়ার পেছনে নিরাপত্তা বিশ্লেষকরা এই কারণগুলোকে চিহ্নিত করেছেন।
তবে এসব বাস্তবতার বিপরীতে সরকারের বক্তব্য ভিন্ন।
গত ১৫ই নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
২৮শে নভেম্বর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যদের আহত হওয়ার কথাও জানান তিনি।
সরকারের এসব বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়েছে।
একদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাওয়া, সীমিত জনবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন বলে পুলিশের বক্তব্য এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় বন্দি মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা—সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান কতটা বাস্তবসম্মত, সে প্রশ্ন উঠছে।
নিরাপত্তার অজুহাতে একজন বন্দি মাকে তার মৃত সন্তানের কাছে যেতে না দেওয়ার ঘটনাটি মানবিক ও প্রশাসনিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের ১লা জুন জারি করা প্যারোল নীতিমালায় নিকটাত্মীয়ের মৃত্যুর ক্ষেত্রে বন্দিদের নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আনুষ্ঠানিক আবেদন জমা হয়েছিল কিনা, সে বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
গাজীপুরের জেলা প্রশাসকের দাবি, তিনি প্যারোলের আবেদন পাননি। ফলে আবেদন ও সিদ্ধান্ত গ্রহণের প্রশাসনিক প্রক্রিয়াটিও স্পষ্ট করা প্রয়োজন।
রাষ্ট্রের দায়িত্ব কেবল নাশকতা বা সহিংসতার পর নিরাপত্তা জোরদার করা নয়; আগাম ঝুঁকি শনাক্ত করে নাগরিকের জীবন, সম্পদ ও মৌলিক অধিকার সুরক্ষাও নিশ্চিত করা। নিরাপত্তা ঘাটতির কারণে একজন মা তার মৃত সন্তানের কাছে যেতে না পারার মতো ঘটনা সেই দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলছে।
সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করা হলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর বক্তব্য ও মাঠপর্যায়ের পরিস্থিতি বলছে, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে।
