কারাবন্দী বগুড়া আওয়ামী লীগ নেতা রতনের আকস্মিক মৃত্যু

কারাবন্দী বগুড়া আওয়ামী লীগ নেতা রতনের আকস্মিক মৃত্যু
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

নাশকতা মামলায় গ্রেপ্তার বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন কারাগারে মৃত্যুবরণ করেছেন।

সোমবার ১১ই নভেম্বর রাত ২টার দিকে বগুড়া জেলা কারাগারের মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।

জানা যায়, শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং মৃত কলিম উদ্দিনের সন্তান। এক মাস আগে নাশকতার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আসেন।

কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে আসার পর থেকে রতন নিয়মিত চিকিৎসা পেয়ে আসছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল, যা কারাগারে থাকার সময় চিকিৎসা চলমান ছিল।

জেল সুপার ফারুক আহমেদ জানান, সোমবার বিকালে রতনকে নেবুলাইজার দেওয়া হয়েছিল, কিন্তু রাতে ২টার দিকে তিনি ‘আকস্মিকভাবে’ মারা যান।

মঙ্গলবার সকালে রতনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারা সুপার।

রতনের মৃত্যু নিয়ে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এমন ‘আকস্মিক’ মৃত্যু মেনে নিতে পারছেন না আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

Visited 14 times, 1 visit(s) today