যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে রপ্তানি বাড়বে: শ্রম সচিব

যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে রপ্তানি বাড়বে: শ্রম সচিব
শেয়ার করুন
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার ২৫শে নভেম্বর মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ট্রেড ইউনিয়ন করতে না দেয়া ও অনৈতিক শ্রম চর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন, এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই। আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের দেয়া পরামর্শের প্রতিফলন থাকবে।

এ এইচ এম সফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সেইসঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে, বলেন শ্রম সচিব।

এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব।

এ ছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এ এইচ এম সফিকুজ্জামান।

Visited 50 times, 1 visit(s) today